লিড নিউজ

মুক্তিযোদ্ধা কাঁকন বিবির চিকিৎসার দায়িত্ব নিলেন সিসিক মেয়র

নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধা কাঁকন বিবি বীরপ্রতীককে শুক্রবার সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ট্রোক করে কাঁকন বিবি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার হাসপাতালে কাঁকন বিবিকে দেখতে যান তিনি।

কাঁকন বিবির মেয়ে সকিনা বিবি জানান, গত বুধবার স্ট্রোক করার পর থেকে তার শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায় বলেন, শনিবার রাতে কাঁকন বিবিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা বেশি ভালো নয়। চিকিৎসকরা চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। এদিকে গতকাল তাকে দেখতে ছাতক-দোয়ারাবাজার এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক হাসপাতালে যান। বিকেলে সিলেট সিটি মেয়র হাসপাতালে গিয়ে তার খোঁজখবর ও চিকিৎসার দায়িত্ব নেন। ওই সময় মেয়র আরিফ ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক।

১৯৭১ সালে কাঁকন বিবি তিন দিনের কন্যা সন্তান সখিনাকে রেখে যুদ্ধে চলে যান। মুক্তিযোদ্ধাদের গুপ্তচর হিসেবে কাজ করতে গিয়ে তিনি রাজাকারদের হাতে শ্লীলতাহানির শিকার হন। তিনি কেবল মুক্তিবাহিনীর গুপ্তচর হিসেবেই কাজ করেননি। সেই সঙ্গে সম্মুখযুদ্ধেও অংশ নেন।
১৯৭১ এর জুনে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন কাঁকন বিবি। তাদের বাঙ্কারে দিনের পর দিন অমানুষিকভাবে নির্যাতন সহ্য করতে হয় তাকে। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। তখনই কাঁকন পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয়ভাবে মাঠে নামার সিদ্ধান্ত নেন। জুলাই মাসে তার সঙ্গে দেখা হয় স্থানীয় মুক্তিযোদ্ধাদের।

মুক্তিযোদ্ধা রহমত আলী তার সঙ্গে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর শওকতের সঙ্গে দেখা করিয়ে দেন। তার ওপর দায়িত্ব পড়ে গুপ্তচর হিসেবে বিভিন্ন তথ্য জোগাড়ের।

কাঁকন বিবি শুরু করেন পাকিস্তানিদের কাছ থেকে বিভিন্ন তথ্যসংগ্রহ করার। তার সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালিয়ে সফল হন।

গুপ্তচরের কাজ করতে গিয়েই দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে পাকিস্তানি বাহিনীর হাতে পুনরায় ধরা পড়েন তিনি। এবার একনাগাড়ে ৭ দিন পাকিস্তানি বাহিনী ও রাজাকারেরা তাকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন চালায়। লোহার রড গরম করে শরীরের বিভিন্ন স্থানে দেয়া হয় ছ্যাঁকা। মৃত ভেবে অজ্ঞান কাঁকন বিবিকে পাকি বাহিনী ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে বালাট সাব-সেক্টরে নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে তিনি পুনরায় ফিরে যান বাংলাবাজারে। অস্ত্র চালনায় প্রশিক্ষণ নেন।
মুক্তিযোদ্ধা রহমত আলীর তাকে প্রশিক্ষণ দেন। এর পরবর্তীকালে তিনি সম্মুখযুদ্ধ আর গুপ্তচর উভয় কাজই শুরু করেন। কাঁকন বিবি প্রায় ২০টি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।

Related Articles

Back to top button