বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনা নিয়ে দু’গ্রামের সংঘর্ষ


নিজস্ব প্রতিনিধি : তুচ্ছ ঘটনায় বিয়ানীবাজার উপজেলার আলীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ চলাকালে একটি মালবোঝাই গাড়ির মালামাল লুট করার পাশাপাশি সড়কে ফেলে নষ্ট করে দেয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের প্রায় ঘন্টা খানেক যানচলাচল বন্ধ থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ নিজ নিজ অবস্থানে সংঘটিত হচ্ছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। জানা যায়, ইউনিয়নের টিকরপাড়া গ্রামের অধিবাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খয়রুল ইসলাম বারীর পুত্রের সাথে আলীনগরের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুতই ইসমাইলের ভাতিজার বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পূর্ব বিরোধ ও বাগবিতণ্ডার জের ধরে লুতই ইসমাইলের ভাতিজা দেশীয় অস্ত্র (শাবল) নিয়ে টিকর পাড়ায় একটি দোকানের খয়রুল ইসলামের পুত্রের উপর হামলা চালায়। এ সময় প্রত্যেক্ষদর্শীরা হামলাকারিকে আটকে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে লুতই ইসমাইলের এলাকার লোকজন শসস্ত্র অবস্থায় টিকরপাড়া এলাকায় হামলা চালায়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী একটি মাল বোঝাই গাড়ির মালামাল লুণ্ঠন ও নষ্ট করে সড়কের ফেলে দেন। সংঘর্ষ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খবর পেয়ে চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। এ বিষয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, দুই গ্রামের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুই পক্ষের সংঘর্ষ ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। কি কারণে এ সংঘর্ষ সেটা এখনো জানা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




