বিয়ানীবাজারে ফের বন্যার আশঙ্কা : কুশিয়ারায় পানি বিপদসীমার উপরে


আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার উপজেলায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা রয়েছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধিতে আবারও বিয়ানীবাজারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় এ আশঙ্কা দেখা দিয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের এক সপ্তাহের ব্যবধানে কুশিয়ারা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত রয়েছেন নদী-তীরবর্তী এলাকার বাসিন্দারা। গতকাল শনিবার বিকেল ৩টায় নদীর শেওলা পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।
রবিবার নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। এদিকে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধির ফলে নদীর ভাঙা ডাইক (রক্ষা বাঁধ) দিয়ে ফের তীব্র বেগে তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করছে। এক সপ্তাহ আগে মেওয়া গ্রামবাসীর উদ্যোগে মেরামত করা ডাইক যে কোনো সময় ভেঙে তীরবর্তী এলাকা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে কুশিয়ারা নদীর গজুকাটা, খাড়াভরা, মেওয়াসহ উপজেলার ভেঙে যাওয়া পাঁচটি ডাইক শনিবার রাতে পরিদর্শন করেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
সরেজমিনে গতকাল শনিবার কুশিয়ারা নদীর তীরবর্তী দুবাগ ইউনিয়নের মইয়াখালি, গজুকাটা ও মেওয়া এলাকায় গেলে নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধির বিষয়টি জানান স্থানীয়রা। মইয়াখালি এলাকায় নদীর পানি ডাইক (বাঁধ) ছুঁই ছুঁই করছে।
এ এলাকায় নদীর পানি ১-২ সেন্টিমিটার বৃদ্ধি পেলেই ডাইক উপচে তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করবে। একই অবস্থা গজুকাটা ও মেওয়া এলাকায়। কুশিয়ারা নদীর তীরবর্তী খাড়াভরা এলাকার ভাঙা ডাইক দিয়ে পানি প্রবেশ করে এ এলাকাটি ফের প্লাবিত হয়েছে।
নদীর পানিতে তলিয়ে গেছে খাড়াভরা বাজারের অর্ধেক অংশ, বাজারে অবস্থিত খাড়াভরা ডাকঘর ও স্থানীয় মখযনুল উলুম গফ্ফারিয়া খাড়াভরা মাদ্রাসা। এ নিয়ে চলতি মৌসুমে খাড়াভরা এলাকা তৃতীয় দফায় প্লাবিত হয়েছে বলে জানান খাড়াভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফজাল আহমদ পলাশ। এদিকে গত এক সপ্তাহের মধ্যে কুশিয়ারা নদীর মেওয়া ডাইক দু’বার মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ও জয়নুল ইসলাম বাবলু।
গতকাল মেরামত করা ডাইক দিয়ে চোরা স্রোত বইছে বলে তারা জানান। এতে যেকোনো সময় ডাইকটি আবারও ভেঙে তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার তৃতীয় দফায় বন্যার আশঙ্কা করছেন মেওয়া এলাকার বাসিন্দারা।
এ ডাইক ভেঙে গেলে তৃতীয় দফায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের মেওয়া অংশ পানিতে তলিয়ে যাবে জানিয়ে মেওয়া গ্রামের প্রবীণ মুখলেছুর রহমান বলেন, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নদীতে প্রায় এক হাত পানি বৃদ্ধি পেয়েছে। গত ১০ বছরে এক দিনে নদীতে এত পানি বৃদ্ধি পায়নি।
রবিবার সকালে কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার, শেওলা ইউনিয়নের কোনাশালেশ্বর তলিয়ে গেছে। বৈরাগীবাজারের নদী তীরবর্তী মাছবাজার, দোকান পাঠ এবং কোনাশালেশ্বর এলাকার বাড়িঘরে পানি উঠেছে। এ লাকার বাসিন্দা আব্দুল সালাম বলেন, রাতে ঘুমাবার আগে নদীল পানি অনেক নিচে ছিল।
সকাল ঘুম থেকে উঠে দেখি ঘরের ভেতর পানি। এলাকার যুবক ফজলে শাফী চৌধুরী টিটু বলেন, আর একটু পানি বৃদ্ধি পেলে গ্রামের শতাধিক বাড়ঘর তলিয়ে যাবে। কুশিয়ারার পানি বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, নদী উপচে পানি প্রবেশ করলে আমরা অসহায়।
এ ছাড়া সেসব এলাকার ডাইক দিয়ে পানি প্রবেশ করছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে অস্থায়ীভাবে মেরামত করতে সিলেটের পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।




