লিড নিউজ

নগরীতে র‌্যাবের অভিযানে তালিকাভুক্ত ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর পুলিশের তালিকাভুক্ত আট ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুরে শাহজালাল (রহ.) মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- সিলেট জেলার গোলাপগঞ্জের আলুপাড় গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ডালিম হোসেন (৪০), একই থানার নিশ্চতপুর গ্রামের মৃত মন্নান মিয়ার ছেলে রিপন মিয়া (২৫), শাহজালাল মাজার এলাকার জানু মিয়ার ছেলে মনা মিয়া (১৯), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাব্বির হোসেন (১৯), একই জেলার দোয়ারাবাজার থানার সুন্দরফই গ্রামের মৃত আনজব আলীর ছেলে আনফুর আলী (২৯), ময়মনসিংহ সদরের উত্তর দাফুনিয়া গ্রামের মুনতাজ আলীর ছেলে আমিনুল ইসলাম (১৯), একই জেলার ফুলপুরের ছোনপাড়া গ্রামের মৃত এয়াকুব আলীর ছেলে সালমান (১৯) ও নেত্রকোনা জেলার বারহাট্টা থানার খরমা গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে সুমন মিয়া (১৯)।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, মহানগর পুলিশের অপরাধ তালিকায় ছিনতাইকারী হিসেবে আটককৃতরা সকলের নাম রয়েছে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাদের সকলকে আটক করে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করেছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button