লিড নিউজ
নগরীর বাগবাড়িতে বিল্ডিং থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকায় একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় কর্মরত থাকা অবস্থায় পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মো. সালাউদ্দিন (৩৩) নামক ওই শ্রমিক কুলাউড়া উপজেলার বাবনীপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। রবিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বাগবাড়ি এলাকার শাকিল আহমদের মালিকানাধীন নির্মানাধীন ৬তলা ফাউন্ডেশনের ৩য় তলা ভবন তৈরীতে সাটারিংয়ের কাজ করছিলেন সালাউদ্দিন। এ সময় পা পিছলে মাচা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




