লিড নিউজ

১২ বছরেও চালু হয়নি শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন

নিজস্ব প্রতিবেদক :  নানা সমস্যায় জর্জরিত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এক্স-রে মেশিন চালু হয়নি দীর্ঘ ১২ বছরেও। চিকিৎসা চলছে জোড়া-তালি দিয়ে। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই ফি নিয়ে রোগী দেখেন ডা. হেলাল উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা নিরসনের জন্য গত ১৬ মে দিরাই-শাল্লা আসনের সাংসদ ড. জয়া সেন গুপ্তা’র উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সিভিল সার্জন ডা. আশুতোষ দাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিনকে এক মাসের মধ্যে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং এক্স-রে মেশিন চালু করতে নির্দেশ দেয়া হয়। কিন্তু একমাস অতিবাহিত হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সেবা নিশ্চিত হয়নি এবং এক্স-রে মেশিন চালু হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ গেটের সামনে দীর্ঘ ১২ বছর পূর্বের সরবরাহকৃত এক্স-রে মেশিনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কমপ্লেক্সের স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। পুরো কমপ্লেক্স এলাকায় ময়লা-আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। কমপ্লেক্সে ভর্তি রোগীরা জানান, এখানকার টয়লেটগুলোতে নেই পানির ব্যবস্থা এবং অপরিচ্ছন্নতার কারণে টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আরো দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন সরকারি অফিসে বসেই কনসাল্টেশন ফি’র মাধ্যমে রোগী দেখছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের দেখেই অপেক্ষমাণ রোগীদের ধমক দিয়ে বলেন, ‘আপনারা হাসপাতাল থেকে চলে যান। আমি এখন রোগী দেখব না।’ এ বিষয়ে কথা হয় ডা. হেলাল উদ্দিনের সাথে। তিনি জানান, কমপ্লেক্সে বসেই তিনি মাঝে মধ্যে রোগী দেখেন। রোগীদের পীড়াপীড়িতেই তিনি কনসাল্টেশন ফি’র মাধ্যমে রোগী দেখতে বাধ্য হন। কমপ্লেক্সে রোগী দেখে কিছু এক্সট্রা ইনকাম করতে হয়। তা না হলে শাল্লায় চলাফেরা কষ্টকর।’ কথাগুলো বলেই তিনি তড়িঘড়ি করে অফিস কক্ষ ত্যাগ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী মুক্তারপুর গ্রামের কিরণ বালা দাস, আগুয়াই গ্রামের কমলা বালা দাস, সহদেবপাশা গ্রামের আতাউর রহমানসহ আরো অনেকে জানান, এ হাসপাতালে এলেই ডা. হেলাল উদ্দিন ফি নিয়ে রোগী দেখেন। আনন্দপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র সাগর চন্দ্র দাস জানান, আমি আমার পায়ের সমস্যার জন্য হাসপাতালে গেলে ডা. হেলাল উদ্দিন আমাকে ৩শ’ টাকা ফি দিতে বলেন। আমার বাবা গরিব, আমার কাছে ১শ’ টাকা ছিল। সেটাই আমি ডাক্তারকে ফি হিসাবে দেই। কিন্তু পা এক্স-রে করাতে পারিনি কমপ্লেক্সে। পরে বাইরে থেকে এক্সরে করাই।
জেলা সিভিল সার্জন ডা.আশুতোষ দাস বলেন, ‘খুবই শীঘ্রই শাল্লায় এক্স-রে মেশিন চালু হবে। আমরা দক্ষ টেকনিশিয়ান ও রেডিওলজিস্ট নিয়োগের জন্য কর্তৃপক্ষকে অবহিত করেছি। ডা. হেলাল উদ্দিনের প্রাইভেট রোগী দেখা অনিয়ম। আমি ডা. হেলাল উদ্দিনকে ইতিপূর্বে এ বিষয়ে সতর্ক করেছি।
(সূত্র সু কন্ঠ)

Related Articles

Back to top button