আজ বদর দিবস


শাহ নজরুল ইসলাম : আজ মঙ্গলবার ১৭ রমযান, ১৪৩৮ হিজরি। গতকাল রমযান কেন্দ্রীক রাসূলুল্লাহ সাল্লাাল্লাহু আলাইহি ওয়াসালল্লাম এর আমল সম্পর্কে লিখেছিলাম। রমযানের শেষ দশকে রাসূলুল্লাহ যেমন মেহনত করতেন অন্য দশকে এমন মেহনত করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালল্লাম এর অনুসরণে আমাদের আকাবির ও আসলাফ এমনিতর মেহনত করেছেন। এর বহু নযির আছে। আমাদেরও কর্তব্য হচ্ছে রমযানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ইবাদতে মাশগুল থাকা। কোনভাবেই সময় নষ্ট না করা।
আজ বদর দিবস। আজ থেকে ১৪৩৭ হিজরি বছর পূর্বে এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালল্লাম এর নেতৃত্বে সাহাবায়ে কেরামের ৩১৩ জনের একটি মুসলিম দল বদর প্রান্তরে উপস্থিত হন। অপরপক্ষে সহ¯্রাধিক যোদ্ধা ও বিপুল অস্ত্র সম্ভারসহ মক্কার কুরাইশরা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দীর্ঘ মুনাজাতের পর সেনা নায়করূপে সকলের সামনে দাঁড়িয়ে আদেশ করলেন সাবধান! কেউ আগে আক্রমণ করবে না। প্রতিপক্ষ আক্রমণ করলে প্রথমে তীর নিক্ষেপ করে প্রতিহত করবে। এখনই তরবারী বের করবে না। সাবধান! আমি নির্দেশ না দিলে আক্রমণ করবে না।
কুরাইশরাই আগে তীর নিক্ষেপ করল। নবীজী তখন সিজদারত। দু’আ শেষে মাথা তুলে বন্ধু আবু বকর (রা.) কে বললেন, সুসংবাদ আবু বকর শুকরিয়া আদায় কর। ইনশাআল্লাহ! আমাদের বিজয় সুনিশ্চিত। বীর হামযা, ওমর ফারুক ও আলী (রা.) তখন নেতার আদেশ শুনবার অপেক্ষায়। নবীজী অগ্রসর হলেন। জিহাদের ফযীলত বর্ণনা করলেন এবং সকলকে প্রস্তুত হতে বললেন। যুদ্ধ বেঁধে গেল, বীর হামযা আলী কুরাইশদের বিরুদ্ধে সম্মুখীন হলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। কুরাইশ দলপতি উৎবা ইসলামের প্রধান শত্রু উমাইয়া ইবনে খালাফ ও আবু জেহেল নিহত হলো। যুদ্ধ শেষে ফলাফলে দেখা গেল ৭০ জন কুরাইশ সৈন্য নিহত হয়েছে। অপর ৭০ জন বন্দি হলো। ১৪ কুরাইশ নেতা যারা নবীজিকে হত্যা করার সংকল্প করেছিল তাদের এগার জন বদর যুদ্ধে মারা গেল। মুসলমানদের মধ্যে ১৪ জন সাহাবী শাহাদত বরণ করেন। যুদ্ধের ময়দানেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য আদর্শ স্থাপন করেন। তখনকার সময় যুদ্ধবন্দীদের হয় হত্যা করা হত নতুবা চিরদিনের জন্য বংশ পরম্পরায় দাস হিসেবে রেখে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব রীতিনীতি ভঙ্গ করে ঘোষণা করেন, ‘তোমরা বন্দীদের সাথে সৎ ব্যবহার কর।’ আবু আজিজ নামে এক বন্দী পরবর্তীতে বলেন, ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে মুসলমানরা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছিল। তারা আমাদের পেট ভরে খেতে দিতেন অথচ তারা কম খেতেন।’
স্যার উলিয়াম মুরের মত খৃষ্টান লেখক লিখেছেন, ‘মুহাম্মদের আমলে মদীনাবাসীগণ এবং মুহাজিরগণ বন্দীদের সাথে বিশেষ ব্যবহার করেছিলেন। একজন বন্দী নিজেই বলেছেন,‘আল্লাহ মদীনাবাসীর মঙ্গল করুন,‘তারা আমাদেরকে উটে ও ঘোড়ায় সওয়ার করে দিতেন আর নিজেরা পায়ে হেঁটে যেতেন। তারা আমাদেরকে ময়দার রুটি করে দিতেন আর নিজেরা খেজুর খেতেন।’
এ ছিল বদর যুদ্ধ বন্দীদের সাথে সৎ ব্যবহারের আংশিক বর্ণনা। আজকের পৃথিবীর শক্তিমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে শিখার অনেক কিছু আছে। পৃথিবী তাদের করুণ পরিণতিও দেখতে পারবে। কোন জালিমই মহান আল্লাহর পাকরাও থেকে ছাড় পাবে না।
আজকের এই দিনে মহান মাবুদের দরবারে বিশ্বের মজলুম মানুষের মুক্তি চাই। মজলুমানের নাজাত চাই। জালিমদের হেদায়ত চাই। হে আল্লাহ! মানবতার মুক্তি দিন।
এবার ভিন্ন একটি বিষয়ে বলি, এক বন্ধু ফোন করে জিজ্ঞেস করলেন রমযান মাসে বিয়ে শাদি করা এবং এর আনুসাঙ্গিক অনুষ্ঠানাবলীতে রমযানের পবিত্রতা বিঘœ করা কতটা সঠিক? বিষয় হলো রমযান মাস সংযমের মাস। এ মাসে বিয়ে শাদি নিষিদ্ধ নয়। তবে কোনভাবেই সুবহি সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মাঝে যেন স্ত্রী চর্চা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়া বিয়ে শাদি উপলক্ষে গায়ে হলুদসহ নানা প্রকারের কুসংস্কার আমাদের সমাজ ব্যবস্থায় শিকড় গেড়ে বসেছে। এ সব রমযানের বাইরেও নিষিদ্ধ আর রমযানে তো অবশ্যই নিষিদ্ধ। মূল কথা হলো আল্লাহ এবং তাঁর রাসূল (সা.) এর আনুগত্য পুরোপুরি করবো নাকি আংশিক করবো? আনুগত্য আংশিক করার কোন সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথের দিশা দিন। আমীন।



