লিড নিউজ

নগরীর উপশহরে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নগরীর উপশহরের বহুতল ভবনের ৫ম তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর উপশহরের মাল্টিপ্লান ১৪ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম জুনায়েদ সিদ্দিক (২৩)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিন্দাইর গ্রামের ডা. মোহাম্মদ আলী ও আমেনা খাতুনের ছেলে।

নিহত জুনায়েদ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ লামাবাজার শাখার অনার্স (বাংলা) ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বড় ভাই হাবিব আহমদ সংবাদমাধ্যমকে জানান, তিনি এলটেকো থাই এন্ড অ্যালুমিনিয়ামের কাছ থেকে এই বহুতল ভবনের কন্ট্রাক্টে কাজ আনেন। তাই তার ছোট ভাই জুনায়েদ তার কাজের সাহায্য করতে মাল্টিপ্লানের পঞ্চম তলাতে থাই গ্লাসের কাজ করছিলো।

কাজ করার সময় হঠাৎ মইয়ের বাঁশ ভেঙে নিচে পরে যায় সে। পরে সাথে সাথে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়।

সিলেট শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, থাই গ্লাসের কাজ করতে গিয়ে একজন শ্রমিক বাঁশ ভেঙে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তার লাশ এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।

Related Articles

Back to top button