লিড নিউজ

বিয়ানীবাজারে সন্ত্রাসী হামলায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারের সুপাতলায় মাহতাব ও জিলুর উপর সন্ত্রাসী হামলার প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছেন। এরপরও সন্ত্রাসীরা গ্রেফতার না হলে গ্রামবাসী কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন ।

শুক্রবার বাদ জুম্মা মসজিদের মুয়াজ্জিন ও মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের সুপাতলা এলাকায় গ্রামবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

এ সময় বিক্ষুব্ধ মুসল্লিরা বলেন, অবিলম্বে সন্ত্রাসী মাসুক, তার জামাতা বিমল ওরফে সুমন, দু’পুত্র জুয়েল ও রুহেলকে গ্রেফতার এবং সন্ত্রাসী হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে। নতুবা আগামীতে তারা বিক্ষোভ মিছিলসহ অবরোধ কর্মসূচী পালনের হূশিয়ারি উচ্চারণ করেন। এ সময় বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বি ফয়জুর রহমান, ফাইজুল আজিম মিন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার রাত আড়াইটায় সেহরির সময় মসজিদের মাইকে ঘুমন্ত মানুষকে জাগানোর আহ্বান নিয়ে প্রতিবেশি মাসুক আহমদ মুয়াজ্জিনের সাথে অসদাচরণ করেন। এ সময় এলাকার মুরব্বি মাহতাব উদ্দিন দমানোর চেষ্টা করলে পর্যায়ক্রমে তিনি ও মামুনুর রশীদ জিলু রক্তাক্ত জখম হন। এ সময় মাসুকের লোকজন ৫-৬ রাউন্ড বন্দুকের গুলি বর্ষণ করেন। গ্রামবাসী আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত ফাইজুল আজিম মিন্টু চিহ্নিত এসব সন্ত্রাসীদের আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে সোর্স নিয়োগসহ ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তিনি বলেন, সকলের সহযোগীতা পেলে শীঘ্রই এসব অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

Related Articles

Back to top button