দিরাইতে আইপিএল ঘিরে জুয়া: প্রতিদিন লেনদেন অর্ধকোটি টাকা


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দিরাই মধ্যবাজারে একটি সেলুনে ক্ষৌরকারের (নাপিত) কাজ করেন নাহিদ (ছদ্মনাম)। দিন শেষে তার রোজগার পাঁচশ’ বা তারও বেশি টাকা। কিন্তু যেদিন কোন দলের ক্রিকেট খেলা থাকে ওই দিন তার ব্যস্ততা যেন একটু বেশি।
সেভ বা চুল কাটার কাজ করার সময় ফোন দিয়ে মাঝে মধ্যেই তিনি কিছু খবর নেয়ার চেষ্টা করেন খেলার। নাহিদের মতো দিরাইতে এমন শত শত তরুণ, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এসব বাজিতে (জুয়া) জড়িয়ে গেছেন। অনেকে সর্বস্ব খোয়াচ্ছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ছেন।
কিন্তু এনিয়ে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। বরং নানা কায়দায় অর্থ সংগ্রহ করে জুয়া খেলায় মেতে উঠেন। দিরাই বাজারে এমন কয়েক জনের সঙ্গে আলাপ করে জানা গেছে, এজেন্টের মাধ্যমে মোবাইল ফোনে জুয়াড়িরা খেলা শুরুর আগে কয় উইকেটে কোন দল জিতবে, কোন খেলোয়ার কত ওভার মেডেন হবে, কত ওভারে কত রান হবে, কোন্ খেলোয়াড় হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করবে এসব বিষয়ে বাজি ধরা হয়।
খেলা শেষে এজেন্ট তার সুবিধাজনক স্থান ও সময়ে পরাজিত জুয়াড়ির কাছ থেকে টাকা নিয়ে জয়ী জুয়াড়ির কাছে হস্তান্তর করে। এজেন্টরা জযী জুয়াড়ির কাছ থেকে টাকা কমিশন পান। দিরাই বাজারের অনেক চায়ের দোকানের মালিকারই এখন এজেন্ট হিসাবে কাজ করছেন। দিরাই মধ্য বাজার,কলেজ রোড,বালুর মাঠে বেশকয়েকটি চায়ের দোকানে প্রকাশ্যে চলে ক্রিকেট বাজি।
এজেন্টের মাধ্যমে ছাড়াও ব্যক্তিগত সর্ম্পকের মাধ্যমেও অনেকে বাজিতে অংশগ্রহন করে। এসব বাজিতে শুধুমাত্র দিরাইতে প্রতিদিন লেনদেন হয় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। অনুসন্ধানে জানা যায়, দিরাই উপজেলার প্রতিটি পাড়া মহল্লা, খেলার মাঠে, হাট বাজারে এমনকি গ্রামগঞ্জের প্রতিটি চায়ের দোকানে চলমান আইপিএল ক্রিকেট খেলা নিয়ে বাজির নামে চলছে জুয়াার জমজমাট আসর।সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত বিষয় ক্রিকেট বা ফুটবল ম্যাচ ঘিরে চলছে স্পট ফিক্সিং।
আন্তর্জাতিক বা ঘরোয়া খেলা নিয়ে বাজিকরদের চলে দর কষাকষি। দুর্বল টিমের সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষের খেলা থাকলে সে ক্ষেত্রে দেয়া হয় লোভনীয় অফার। বিশ্বকাপ,আইপিএল, ঘরোয়ালীগ, এমনকি দেশ বিদেশের টেষ্ট খেলাগুলোকে ঘিরেও চলে বাজিকরদের রমরমা বাজি।
এ জুয়ার টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে বন্ধুদের মধ্যে ঝগড়া, বিবাদ এমনকি বিভিন্ন প্রকার মারাত্মক হুমকি- ধামকিরও ঘটনা ঘটছে । ক্রীড়া সংগঠক হাম্মাদ আহমেদ বলেন বর্তমানে এলাকার ছাত্র ও যুবকরা বিভিন্ন খেলাকে কেন্দ্র করে বাজিতে মেতে উঠে এতে আমাদের ভবিষ্যত প্রজন্ম বিপদগামী হচ্ছে ।
স্থানীয় যুবক সালেহ আহমদ বলেন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে জুয়া হয এতে অনেকে সর্বস্ব হারিয়ে নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ছে, প্রশাসনের এই বিষযে নজর দেয়াা উচিত । এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন এ বিষয়টি পুলিশের নজরদারীতে রয়েছে।




