সিলেটে পালিত হচ্ছে মে দিবস


নিজস্ব প্রতিবেদক :: শ্রমিকদের অধিকার আদায়ের দৃপ্ত শপথে সারাদেশের ন্যায় সিলেটেও নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
এছাড়া নগরীতে শ্রমিকলীগ, শ্রমিকদল, জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল শ্রমিক ইউনিয়ন ও চা শ্রমিক,মহিলা শ্রমিকদল, বিদ্যুৎ শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন নগরীতে শোভাযাত্রা ও মিছিল করে।
শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া মেনে নেওয়ার দাবীতে সিলেট নগরীতে মে দিবসে বিভিন্ন শ্রমিক সংগঠন লাল পতাকা মিছিল, বৈঠক, সভা-সমাবেশ করছেন।
এদিকে, শ্রমিকদের পাশে দাড়ানোর ঘোষণা দিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা আট ঘণ্টা কাজের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শিকাগোর হে মার্কেটের সামনে বিশাল শ্রমিক জমায়েত ও বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ হারান ১১ জন। এর পরপরই হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বিশ্বের সব দেশেই আজ পালিত হচ্ছে দিবসটি। ১৯৭২ সালে বাংলাদেশে বিপুল উদ্দীপনা নিয়ে মে দিবস পালিত হয়। ওই বছরই সদ্য স্বাধীন দেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয়। প্রতিবারের ন্যায় এবারও সিলেটসহ সারাদেশে রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালিত হচ্ছে।

