বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেনেসাঁ’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ- হাটি হাটি পা পা করে অষ্টম বছরে পা দিয়েছে। এ উপলক্ষে গত শনিবার কানাইঘাট উপজেলার ইউনিক কমিউনিটি সেন্টারে ‘আমাদের কানাইঘাট : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল। রেনেসাঁ-র সহ সভাপতি তানভীর আহমদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মোস্তফা কামাল।
তার পূর্বে কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় মেয়র রেনেসাঁ-র কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, রেনেসাঁ-র কার্যক্রম সব সময় প্রশংসার দাবিদার।
সকাল ১১.০০ টা থেকে শুরু হওয়া দুই পর্বের এই প্রোগ্রামে ছিল একের পর এক চমক! বাড়তি হিসেবে ছিল র্যাফেল ড্র। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মনির আহমদ। কোরআন তেলাওয়াতের পর সংগঠনের নবীন সদস্যদের বরণ করে নেয়া হয়। পরবর্তীতে অতিথি ও রেনেসাঁ-র সকল কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে কেক কেটে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেনেসাঁ-র সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বক্তব্য রাখেন মাহি শাহরিয়ার ও আয়েশা আক্তার। অনুষ্ঠানের সমাপান্তে প্রধান আলোচক মো. ইশরাত ইবনে ইসমাইল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
এসময় শিক্ষার্থীদের
কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি স্টিভ জবসের ‘স্টে হাঙ্গরী, স্টে ফুলিশ’ উদ্ধৃত করেন। রেনেসাঁ-র সভাপতি মিছবা উল হক চৌধুরী তার সারগর্ভমূলক বক্তব্যে রচনা প্রতিযোগিতা ও রেনেসাঁ’র সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, সেই ২০১০ সাল থেকে আমাদের পথচলা শুরু।
রেনেসাঁ-র এই দীর্ঘ যাত্রায় জমা পড়েছে অনেক অভিজ্ঞতা ও সাফল্য। ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও স্বার্থক করতে রেনেসাঁ সমগ্র কানাইঘাট উপজেলাব্যাপী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে রচনা প্রতিযোগিতা। কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আপনাদের সকলের সহযোগিতায় রচিত হবে এক অন্যরকম কানাইঘাটের গল্প। পাশাপাশি শিক্ষার্থীদেরকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি আসিফ আজহার এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী পর্বে ক,খ,গ এই তিন বিভাগে মোট ৩২ জনের হাতে অতিথিরা উপহার হিসেবে বই ও ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য যে, ‘আমরা তিমির নাশ করবোই’ স্লোগানকে ধারণ করে রেনেসাঁ’র যাত্রা শুরু ২০১০ সালের ৭ এপ্রিল। সংগঠনটি অসহায়, হতদরিদ্র, আর্তপিড়ীত মানুষের পাশে দাঁড়ানোর নিমিত্তে ফান্ড কালেকশন, ঈদ উৎসব এবং শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ধরনের মোটিভেশনাল প্রোগ্রাম ও শিক্ষা সহায়ক কর্মসূচী আয়োজন করে থাকে।







