বিয়ানীবাজার পৌর নির্বাচন : ১১৫ জনের মনোনয়ন জমা


আহমদ রেজা চৌধুরী: আগামী ২৫ শে এপ্রিল প্রথমবারের মত অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে বিয়ানীবাজার পৌরসভার বহু কাঙ্খিত পৌর নির্বাচনের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার মেয়র পদে ১১জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬জন এবং কাউন্সিলর পদে মোট ৯৮জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁর ছোটভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, বিএনপি মনোনীত পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টু, জাসদের শমসের আলম, জমিয়তে উলামায়ে ইসলামীর মাওলানা শামীম আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব (আওয়ামী লীগের বিদ্রোহী), পৌর জামায়াতের আমির মাওলানা জমির উদ্দিন, বিয়ানীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং ব্যবসায়ী বদরুল হক মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা ২০০১ সালে গঠিত হয়। পৌরসভা গঠিত হওয়ার পর উচ্চ আদালতে পৌরসভার নির্বাচন নিয়ে আইনী জটিলতা থাকায় দীর্ঘ ১৬ বছর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ১৪ মার্চ নির্বাচন কমিশন বিয়ানীবাজার পৌরসভার তফসীল ঘোষণা করে। প্রথমবারের মতো বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ২৫ শে এপ্রিল অনুষ্ঠিত হবে।




