লিড নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসর্গ করে আসিফের নতুন গান

বিনোদন ডেস্ক : নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ১-১ সমতায় আগামী ২৫ মার্চ শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ওইদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে নিজের গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানটি মুক্তি দেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

সোমবার (২০ মার্চ) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন আসিফ।

আসিফ তার ফেসবুকে লেখেন, ‘অভিনন্দন টিম বাংলাদেশ, অভিনন্দন টিম টাইগার্স, অভিনন্দন মুশফিক বাহিনী। শততম টেস্টে বিরল সব রেকর্ড গড়ে দেশকে আবারো আনন্দে ভাসালো আমাদের সোনার ছেলেরা। আমরা জানি আমাদের সামর্থ্য আছে, তারপরও কোথাও যেন একটু সমস্যা থেকে যায়। দেশের মানুষের বুক ভেঙে যায় ক্রিকেটে, আবার গর্বে বুক ভরে যায় ক্রিকেটে।’

তিনি লেখেন, ‘জীবনে অনেক দেশের গান করেছি। তবে নতুনভাবে আবারো ফিরে আসার পর দেশের গান করা হয়নি। এবার এস আই টুটুলের সুর, রাজীব আহমেদের লেখা এবং জেকে’র সঙ্গীতে একটি গান গেয়েছি।’

গানটি হলো-
‘ঘুরে ঘুরে পুজোর জলে জবা হয়ে ভাসি
সুবহে সাদিকে মিনার হতে আজান হয়ে আসি
শোনো পৃথিবীর মানুষ শোন, নানান ভাষাভাষি
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

তিনি লেখেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ‘আমার সোনার বাংলা’ গানটি প্রথম ওয়ানডের দিন ২৫ মার্চে রিলিজ করব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে।

‘আসুন যোগ্য টাইগার সমর্থক হিসেবে আমরা আরও সংযত হই, আজকে মাথায় তুলে আবার কাল ছুঁড়ে ফেলে না দেই। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি টিম টাইগার্স, জয় হোক বাংলাদেশ ক্রিকেটের’ লিখেছেন তিনি।

Related Articles

Back to top button