মানব সম্পদ উন্নয়নে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকল্প নেই : শাবি ভিসি


এসআইসি প্রতিনিধি : শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেছেন, বিশ্বয়ানের এই যুগে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জোর দিতে হবে। মানব সম্পদ উন্নয়নে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। দক্ষ প্রকৌশলী তৈরীতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজও ভূমিকা রাখবে।
শনিবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অর্থনৈতিক উন্নতি অর্জনের জন্য দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে হবে। মানবসম্পদকে সম্পদ হিসেবেই রূপান্তর করতে হবে। তাহলে দেশ তার মূল লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। দক্ষ প্রকৌশলী হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হালিমের সভাপতিত্বে ও রেজিস্ট্রার সেলিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জহির বিন আলম, শাবির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শাবির প্রশাসিনক কর্মকর্তা কবির উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।




