কেন মুশফিক ও মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করলেন তামিম?

কেন মুশফিক ও মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করলেন তামিম? অবশেষে শিরোপা খরা কাটল বরিশালের, কাটল অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরও। দুজনেই একের পর এক বিপিএলে খেলে শিরোপার আক্ষেপ নিয়ে ফিরেছেন। তবে এবার তারা শিরোপা উঁচিয়ে ধরার সক্ষমতা অর্জন করেছেন। যেখানে শিরোপাজয়ী অধিনায়ক তামিম ইকবাল সেটিকে উৎসর্গ করেছেন মুশফিক ও মাহমুদউল্লাহকে। শুক্রবার (১ মার্চ) বিপিএলের ফাইনালে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়েছে বরিশাল। ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে তারা। এরপরে শিরোপা প্রদান মঞ্চে সকলের সামনে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে শিরোপা উৎসর্গ করেন তামিম। তামিম বলেন, ‘এটাকে আসলে মুশির ট্রফিই বলা যায়!’ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি অধিনায়ক বলে মানুষ আমাকেই কৃতিত্ব দেবে। কিন্তু এই ধরনের একটি টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশফিক আমার চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। সেজন্য আমি নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমদুউল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। তামিম আরও বলেন, ‘বিশেষ করে মুশি মাঠে অসাধারণ সবকিছু করেছে। সে ফিল্ডিং পরিবর্তন করেছে, আরও অনেকভাবে সাহায্য করেছে। তাই এটাকে আমি মুশির ট্রফিই বলব।’ এ দিকে বরিশাল এর আগেও তিনবার ফাইনাল খেলেছে। এর মধ্যে দুইবার এই কুমিল্লার বিপক্ষেই শিরোপা হাতছাড়া হয়েছে। তবে তৃতীয় দফায় সফল হলো দলটি। কুমিল্লার হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দ কেড়ে নিয়ে দলটি প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতেছে।




