মালয়েশিয়ায় কাজ মেলেনি ৪ মাসেও, মানবেতর জীবন ৩২ বাংলাদেশির

নিউজ ডেস্ক:
উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় গিয়ে মানবেতর জীবন কাটছে ৩২ প্রবাসী বাংলাদেশির। দীর্ঘ চার মাসেও কাজের খোঁজ না পেয়ে দিন কাটছে অনাহারে অর্ধাহারে।
জানা যায়, গত ৬ আগস্ট রিক্রুটিং এজেন্সি ‘আরাফ ম্যানপাওয়ার লিমিটেডে’ সহ ৩টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যান এই ৩২ বাংলাদেশি তরুণ। তাদের প্রত্যেকের কাছ থেকে নেয়া হয়েছে সরকারের নির্ধারিত অর্থের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ। কথা ছিল যাওয়ার এক সপ্তাহ পরই কাজ মিলবে। তবে ৪ মাস পেরিয়ে গেলেও তারা কাজ পাননি। এখন ফোনও ধরছে না এজেন্সিগুলো। আটকে রাখা পাসপোর্ট চাইতে গেলেও তাদেরকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
তারা বলছেন, কাজ না পাওয়ার দায় মালয়েশিয়া দূতাবাসের উপর চাপাচ্ছে এজেন্সিগুলো। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও অস্বীকার করছেন তারা।
এ ব্যাপারে আরাফ ম্যানপাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান গোলাম কুদ্দুস বলেন, তাদের কাজ দিতে চাওয়া হলে তারা নিজেরাই কাজের ব্যবস্থা করেছে এমন কথা বলে পাসপোর্ট ফেরত চায় তারা। যারা কাজ করবে তাদের থাকতে বলা হয়েছে। আর যারা থাকবে না নিয়ম মেনে তাদের পাসপোর্ট ফেরত দেয়া হয়েছে।
তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন তারা।
উল্লেখ্য, গত বছর মালয়েশিয়ার শ্রম বাজার খোলার পর এখন পর্যন্ত দেশটিতে পাড়ি জমিয়েছেন সাড়ে ৩ লাখের বেশি বাংলাদেশি। তবে কাজ না পেয়ে অনেকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।




