অর্থনীতিজাতীয়

স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়াল

নিউজ ডেস্ক:
বাংলাদেশে স্বর্ণের ভরি প্রথমবারের মতো লাখ টাকা ছাড়িয়েছে। ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ ৭৭৭ টাকা।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে। আর এতেই স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়িয়ে গেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরি দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৭৭৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

Related Articles

Back to top button