বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উৎযাপন

আক্তার হোসেন আলহাদী:
সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নানান আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে।
৭ মার্চ সোমবার দিনব্যাপি উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শতকণ্ঠের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, এবং পুরস্কার বিতরণের শেষে উক্ত ঐতিহাসিক দিবসটির সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ এমরান হোসেন, ২নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার প্রমুখ।
এ দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণের ফলে মুক্তিযোদ্ধাদের মনে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘ ৯ মাস পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্মনেয় বাংলাদেশ নামক এক স্বাধীন দেশ।
পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র -ছাত্রীরা চমৎকার ভাবে বঙ্গবন্ধুর ভাষণ ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ জানান তিনি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




