মুরাদ হাসানের পদত্যাগ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা গ্রহণ করে বিচার করুন: এবি পার্টি

সাম্প্রতিককালে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান একের পর এক অসভ্য ও ইতরোচিত মন্তব্য করে আসছিলেন। সর্বশেষ অভিনেতা ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহীর সাথে মুরাদ হাসানের নোংরা ও অভব্য ভাষার ফোনালাপ ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার নির্দেশ দেন। ‘এ পদত্যাগ যথেষ্ট নয়’ উল্লেখ করে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু মুরাদ হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, ডা. মুরাদ হাসান নামের কথিত তথ্য প্রতিমন্ত্রী বেশ কিছুদিন ধরে অনবরত বিতর্কিত ও অসভ্য ভাষায় মন্তব্য করে যাচ্ছেন যা অত্যন্ত লজ্জাকর এবং বিশেষত নারীদের জন্য চরম অবমাননাকর হয়ে দাঁড়িয়েছে। একজন নারীকে ফোন করে অসভ্য ভাষায় গালাগালি করে রাষ্ট্রীয় বাহিনীদের দিয়ে তুলে এনে ধর্ষণের হুমকি দেয়া জাহেলি বর্বরতা। আমরা মনে করি এতে রাষ্ট্রীয় বাহিনীগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। এছাড়া, বেগম জিয়ার পরিবার নিয়ে এবং বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে তার নোংরা এবং নারীবিদ্বেষী বক্তব্য অসভ্যতার চরম সীমা পার করে ফেলেছে। মুরাদ হাসান বারবার বলেছেন, তিনি যা করছেন প্রধানমন্ত্রীকে জানিয়েই করছেন। সুতরাং, জনমনে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। মুরাদ হাসানের মতো নির্লজ্জ্ব, ধর্ষকামী লোক কিভাবে মন্ত্রিপরিষদে স্থান পেলো এবং কার আস্কারায় তিনি এতটা লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন তা ভাবনার বিষয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে নোংরা ও চরিত্র হননমূলক বক্তব্যের চর্চা আ’লীগে নতুন নয়। কিন্তু মুরাদ হাসান সব সীমা লঙ্ঘন করে ফেলেছেন।
নেতৃবৃন্দ বলেন, প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. মুরাদ হাসান পদত্যাগপত্র জমা দিলেও তিনি পদত্যাগের কারণ হিসেবে তাতে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। মুরাদ হাসান ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। নিছক পদত্যাগ তার শাস্তি হিসেবে যথেষ্ট নয়। একইসাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছে এবি পার্টির নেতৃবৃন্দ, না হয় সরকার এর দায় এড়াতে পারবেন বলে আমরা মনে করি না।
সোলায়মান চৌধুরী ও মঞ্জু আরো বলেন, মুরাদ হাসানের ক্রমাগত নারীবিদ্বেষী, নোংরা কথাবার্তার বিরুদ্ধে আমাদের দেশের কথিত নারীবাদীদের লক্ষণীয়ভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। অথচ প্রায়সময় নারী ইস্যুতে আলেম-ওলামার কঠোর সমালোচনায় তাদের সরব থাকতে দেখা যায়। এ ধরনের কিছু মুখোশধারী নারীবাদী প্রকারান্তরে ক্ষমতাসীনদের মুৎসুদ্দীরূপেই কাজ করছে বলে প্রতীয়মান। আমরা তাদের এমন দ্বিমুখী নীতির নিন্দা জানাই।




