টেস্ট দলে ডাক পেলেন সিলেটের রেজাউর

নিউজ ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলে এই প্রথমবারের মতো ডাক পেলেন সিলেটের পেসার রেজাউর রহমান ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান মাহমুদুল হাসান। চোটের কারণে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ।
সিলেটের পেসার রেজাউর ঘরোয়া ক্রিকেটে গত দুই-তিন বছর ধরেই ধারাবাহিক পারফরমার। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির আশপাশে বল করেন, আউট সুইংও বেশ ভালোই পারেন ২২ বছর বয়সী এ পেসার। রেজাউর ছাড়া সিলেটের আরও দুই পেসার আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন আছেন টেস্ট স্কোয়াডে।
অন্যদিকে নতুন আরেকজন মাহমুদুল ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত মুখ। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহমুদুল। ব্যাটসম্যান হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ২১ বছর বয়সী এ ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬ গড়ে ২টি সেঞ্চুরিও পেয়েছেন মাহমুদুল।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট।
প্রথম টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান, রেজাউর রহমান ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।




