জুড়ী-ফুলতলা-বটুলী সড়কের কাজের ধীরগতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ

জুড়ী থেকে নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা-বটুলী সড়কে ৭৯ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজে ধীরগতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে । কাজ করার পর রাস্তার কার্পেটিং উঠে যাওয়ায় কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সড়কের কাজে অনিয়ম নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের প্রতিবাদ করে পোস্ট করেছেন নেটিজেনরা।
সড়ক ও জনপদ বিভাগ মৌলভীবাজার সূত্রে জানা গেছে জুড়ী উপজেলার জুড়ী ফুলতলা-বটুলী সড়কের ২২ কিলোমিটার সড়ক মেরামতের কাজ পায় ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান “ওহিদ কন্সট্রাকশন”। কিন্তু পরে ওই প্রতিষ্ঠান কাজটির দায়িত্ব দেয় স্থানীয় একজন ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা শহীদলু ইসলাম শিমলুকে।
২০১৮ -২০১৯ অর্থবছরের সরকারের ৭৯ কোটি টাকা ব্যয়ে সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের মধ্যে । নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ করতে না পারায় সময় বর্ধিত করে ২০২১ সালের ৮ মার্চ সমাপ্তির সময় নির্ধারন করা হয়। কিন্তু ৫ মে পর্যন্ত সড়কের কাজ হয়েছে মাত্র ৪৫ ভাগ । কাজের শুরু থেকে এ পর্যন্ত বহুবার অনিয়ম ও কাজের ধীরগতি নিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী।
স্থানীয়রা বলেন, রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে না । রাস্তার পুরুত্ব ৬০ মিলিমিটার থাকার কথা থাকলেও অনেক জায়গায় তা মানা হচ্ছে না। স্থানীয়রা আরও বলেন, তারা এই বিষয় নিয়ে স্থানীয় ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমেদের সাথে কথা বলেন, তিনি তাদের এ বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দেন। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মাসুক আহমেদসহ স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা অফিকুল, শেখরুল, ওহিদসহ আরও কিছু আওয়ামী লীগ নেতা এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত।
ঠিকাদারি প্রতিষ্ঠান “ওহিদ কনস্ট্রাকশনের” ম্যানেজার আসাদুজ্জামান আসাদ বলেন, কার্পেটিং স্থায়ীভাবে বসতে ৭২ ঘন্টা সময় লাগে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই অতি উৎসাহী জনতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাত দিয়ে টেনে কার্পেটিং তুলার চেষ্টা করেছে।
এই বিষয় নিয়ে চেয়ারম্যান মাসুক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে আর পরবর্তীতে যোগাযোগ করা সম্ভব হয়নি ।




