সিলেটে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা: আটক ৬

নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত সোমবার (৫ জুলাই) রাত ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামের দশম শ্রেণির এক ছাত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে তার পাশের বাড়ির মৃত আফতাব আলীর ছেলে সালমান জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরদিন সালমানের পরিবারের কাছে ওই স্কুলছাত্রীর পরিবার বিচার দিতে যায়। পরে এ ঘটনায় সালিশের নামে দামাচাপা দিতে এলাকার প্রভাবশালীসহ আটকরা কালক্ষেপণ করতে থাকেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে সালমান আহমদ (১৯), উপজেলার সেনাপতিরচক গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে হেলাল আহমদ (৫০), রারাই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এম এ হাফিজ খালেদ (৪০), একই গ্রামের মৃত কুতুব আলীর ছেলে সামছুল হক (৫৫), মৃত মনির আলীর ছেলে আব্দুর নূর ওরফে ফরল (৭০) ও আমলশীদ গ্রামের মৃত কুনুর আলীর ছেলে আব্দুস সালামকে আটক করা হয়।




