সিলেট বিভাগ

বানিয়াচংয়ের লক্ষীবাওর জলাবনে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জলাবনে (সোয়াম ফরেস্ট) মুজিব বর্ষ ও ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

(৭মার্চ) রোববার বিকাল ৩টায় স্থানীয় মরা কালনী নদীর তীর হইতে লক্ষীবাওর জলাবন‘র (সোয়াম ফরেস্ট) ভিতরে ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজুমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।

ম্যারাথনে স্থানীয় প্রশাসনের লোকজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় তরুণ-যুবক, রানার গ্রুপ, নারীগণসহ সহস্রাধিক মানুষ ম্যারাথনে অংশগ্রহন করেছেন। নারী-পুরুষ দু’টি ভাগে অংশগ্রহনকারীদের মধ্য থেকে মোট ১২জনকে পুরস্কার প্রদান করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণ করতে স্থানীয় ঐতিহ্যবাহী লক্ষীবাওরে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণভাবে প্রকৃতির মাঝে আমাদের এই আয়োজন নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ ব্যাপারে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন নিশ্চয়ই ঐতিহাসিক ঘটনা। আমরা আজ সকলেই এ ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী হয়ে রইলাম। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই নদী, সবুজ ধানক্ষেত আর প্রাকৃতিকভাবে হাওরের মাঝে গড়ে উঠা জলাবনে এই সুন্দর আয়োজনের জন্য।’

Related Articles

Back to top button