হবিগঞ্জে রাতে বের হলেই পুলিশ খাঁচায়!

স্টাফ রিপোর্ট:
হবিগঞ্জ শহরে গত এক সপ্তাহে কমপক্ষে ১০টি চুরির ঘটনা ঘটার জের ধরে অপরাধ নিয়ন্ত্রণ করতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পুলিশ। রাত ১২টার পর কাউকে পেলেই পুলিশের হেফাজতে নেয়া হবে। হবিগঞ্জ সদর মডেল থানা থেকে গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে এ ঘোষণা দেয়া হয়।
চুরি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের একাধিক সভা এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরও প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। এ কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, এখন থেকে রাত ১২টার পর শুধুমাত্র হাসপাতালে চিকিৎসাসেবার প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে পাওয়া গেলে পুলিশের হেফাজতে আনা হবে। এরপর তার পরিচয় যাচাইয়ের পর অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিনা কারণে শহরে ঘোরাফেরা করার দায়ে পাঁচজনকে আটক করা হয়েছিল। গত বুধবার (২৭ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়। তারা এখন কারাগারে আছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টও দেয়া হয়েছে।




