সিলেট বিভাগ

হবিগঞ্জে করোনার টিকা প্রদানে প্রস্তুতি সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি:
আজ রবিবার ৭ ফেব্রুয়ারি থেকে হবিগঞ্জে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। জেলা সদরের আধুনিক হাসপাতালে মোট ৮টি বুথে টিকা প্রদান করা হবে।

হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির প্রথম করোনার টিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান।

তিনি জানান- ভ্যাকসিন প্রয়োগের জন্য জেলার ৭টি উপজেলায় ২টি করে দল গঠন করা হয়েছে। প্রতি টিমে ২ জন নার্স ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকছেন। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ৮টি টিম গঠন করা হয়েছে। এছাড়া আরও ২টি টিম কাজ করবে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বুথে করোনার টিকা দেয়া হবে। প্রতিজন ২ ডোজ হিসেবে করোনার টিকা পাবেন জেলার ৩৬ হাজার মানুষ।

এর আগে গত শুক্রবার (২৯ জানুয়ারি) বেক্সিমকো ফার্মার একটি ভ্যানে করে পুলিশের করা নিরাপত্তায় ৭ হাজার ২০০ ভায়াল (কাচের শিশি) ভ্যাকসিন হবিগঞ্জে এসে পৌঁছায়। জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ কর্মকর্তারা এগুলো গ্রহণ করেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, প্রতি ভায়ালে টিকা আছে ১০ ডোজ করে। ৭ হাজার ২০০ ভায়ালে ডোজের পরিমাণ ৭২ হাজার। প্রতিজনের শরীরে ২ ডোজ করে এখান থেকে ৩৬ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। একজনের শরীরে প্রথম ডোজ প্রয়োগের ২ মাস পর তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ৩৬ হাজার জনকে ১৫ দিনেই প্রথম ডোজ দিয়ে শেষ করা সম্ভব হবে বলে তিনি জানান, প্রথম বার টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজ পেতে তাদের ২ মাস অপেক্ষা করতে হবে।

তিনি আরও জানান, টিকা দেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন তারা। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর সরকারি নির্দেশনার ভেতরে থেকে ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পুলিশ ও প্রশাসনের লোকদের টিকা দেওয়া হবে। পরে তা সবার মধ্যে প্রয়োগ করা হবে।

Related Articles

Back to top button