সিলেটে শাবিপ্রবি ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়া নয়াবাজার এলাকা থেকে তৌহিদুল আলম প্রত্যয় (২২) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জালালাবাদ পুলিশ।
সে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ৩য় বর্ষের ছাত্র।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজার সংলগ্ন স্বপ্নিল সুপার মার্কেটের দ্বিতীয় তলার ৬নং রুম থেকে পুলিশ প্রত্যয়ের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, ওই শিক্ষার্থীর মেসের জানালার গ্রিলের সাথে প্লাস্টিকের দড়ি দিয়ে তার লাশ ঝুলানো ছিল। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শরীরে সন্দেহ করার মত কোনো চিহ্ন নাই। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল জানান, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যায়। পুলিশের সহায়তায় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে বলছে সে আত্মহত্যা করেছে। হাসপাতালে নিয়ে গেলে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।




