সিলেটে ভ্যাকসিন নিলেন সাড়ে ৮ হাজার মানুষ

নিউজ ডেস্ক:
ভ্যাকসিন যুগে প্রবেশের তিনদিনে পড়েছে সিলেট। প্রথম দিন থেকে পরবর্তী দুই দিন ভ্যাকসিন গ্রহীতাদের হারে ছিলো ঊর্ধ্বগতি। তৃতীয় দিন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত সিলেট বিভাগে করোনার টিকা নিয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি নারী-পুরুষ।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্র বিষয়টি জানিয়েছে।
সূত্র জানায়, গত তিন দিনে সিলেট বিভাগে টিকা নিয়েছেন মোট ৮ হাজার ৫৫৯ জন।
অপরদিকে, টিকা গ্রহণের ক্ষেত্রে ৮টি বিভাগের মাঝে সিলেট রয়েছে ছয় নাম্বারে। আর এক নাম্বারে রয়েছে ঢাকা।
জানা গেছে, ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ৮ হাজার ৫৫৯ জন।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার সকাল ১০ টায় এমএজি ওসমানী হাসপাতালে টিকাদানের মধ্য দিয়ে সিলেটের কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু করা হয়। এর আগে সিলেট মেট্রোপলিটন সিটির কোভিড ১৯ টিকাদান কেন্দ্রর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।




