সিলেট বিভাগ

গোলাপগঞ্জে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষ, আহত ২

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লামাপাড়া নামাক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার সেকুল মিয়া (৩০) ও গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সালামভাগ গ্রামের রফিকুল ইসলাম (৫০)।

পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা (সিলেট মেট্রো-শ ১১-০০৮) ও গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (সিলেট মেট্রো-ন ১১-১০৬০) গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে গাড়ির দরজা কেটে সেকুল মিয়াকে বের করেন। দুজনের অবস্থাই আশংকাজনক বলে জানায় পুলিশ। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানা এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো থানায় নিয়ে এসেছি।

Related Articles

Back to top button