কুলাউড়ায় পৈত্রিক ভিটা নিয়ে প্রবাসী খুন

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে পৈত্রিক ভিটে নিয়ে বিরোধের জেরে প্রবাসী আব্দুল শামীম (৫০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ফেব্রুয়ারি) দুপুরে আপন চাচাত ভাই সহ প্রতিপক্ষের হাতে নৃশংস এ হত্যা কান্ডটি ঘটে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকন্দপুর গ্রামে। শামীম আহমদ ওই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। তিনি গত কয়েকদিন আগে সৌদিআরব থেকে দেশে এসেছিলেন।
পুলিশ, স্থানীয় ও নিহত প্রবাসীর স্বজনদের সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল শামীম বেশ কয়েকবছর আগে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকন্দপুর গ্রামে নিজের পৈত্রিক ভিটে ছেড়ে পার্শ্ববর্তী কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে নতুন বাড়ি তৈরি করে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে বসতি গড়েন। তাঁর দুই ভাই পৈত্রিক ভিটায় থাকেন। সেই সুযোগে শামীমের চাচাতো ভাই সুফিয়ান আহমদ তাঁর পৈত্রিক সম্পত্তি অংশ দখলের পায়তারা চালিয়ে আসছিলেন। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। কিন্তু উনার চাচা মৃত আব্দুল কাদিরের ছেলে সুফিয়ান ও তাঁর পরিবার বিষয়টি মেনে নেয়নি।
এদিকে প্রবাসী শামীম দীর্ঘদিন ধরে সৌদিআরব ছিলেন। সম্প্রতি মাস খানেক আগে দেশে এসেছিলেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি মুকন্দপুর তাঁর পৈত্রিক বাড়িতে গিয়ে দেখেন তাঁর জমির অংশে সুফিয়ান খড়ের স্তূপ করে রেখেছে। এগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুফিয়ান ও তাঁর পরিবারকে বলেন। এসময় সুফিয়ানসহ পরিবারের লোকজন লাঠি হাতে এসে শামীমের ওপর চড়াও হয়। এবং মারধরের ঘটনা ঘটে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে বাড়িতে থাকা শামীমের ভাই আব্দুল মন্নান ও ভাইয়ের বউ মিনা খানম গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর সুফিয়ান পলাতক রয়েছে।
পুলিশ তাক্ষণিক সুফিয়ানের পরিবারের দুই নারী সদস্যসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সুফিয়ানকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। শামীম আহমদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রবাসী শামীম আহমদের ভাই আব্দুল মন্নান বলেন, ‘সুফিয়ান আমাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে রেখেছে। এনিয়ে বিভিন্ন সময় সে ও তাঁর পরিবারের লোকজন আমার ভাইকে হুমকি দিতো। তাঁর ভয়ে আমার ভাই অন্য ইউনিয়নে বাড়ি বানিয়ে চলে যান। সুফিয়ান আমাদের ভাইয়ের অংশ দখল করে ভোগ করছিলো। এনিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা বিচার করলেও সুফিয়ান কোন বিচার মানেনি। মঙ্গলবার দুপুরে আমার ভাই বাড়িতে আসেন এবং অবৈধ দখল ছাড়ার জন্য সুফিয়ানদেরকে বলেন। এতে তাঁর আমার ভাইকে লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। মারধরে ঘটনাস্থলেই আমার ভাই অজ্ঞান হয়ে পড়েন। আমরা দৌড়ে এসে তাঁকে বাঁচাতে গেলে তখন তাঁরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার স্ত্রী, মেয়ে ও বোন আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার আমার ভাইকে মৃত ঘোষণা করেন ও আহতদের চিকিৎসা দেন।’
এ ঘটনায় আহতরা হলেন, জয়রুন বেগম (৩৫), আব্দুল মান্নানের স্ত্রী মিনা খানম (৩৭) ও মেয়ে জিসি (১৪)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সুফিয়ানসহ জড়িতদের আটকের জন্য পুলিশ মাঠে রয়েছে। প্রবাসীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




