শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২, আহত ৩

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও ৩জন আহত হয়েছে।
শুক্রবার(১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ- হবিগঞ্জ বাইপাস সড়কের উপজেলার কলিমনগর ও গরুর বাজারের মাঝামাঝি স্থানে সিএনজি চালিত অটোরিকশা, টমটম ও পিকআপ গাড়ীর ত্রিমুখী এ দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২ টায় এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, নিহত একজনের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রে লেখা রয়েছে দিপকংর পোদ্দার।
ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন। আর ভিজিটিং কার্ডে লেখা আছে মেডিসিন ও শিশুরোগ চিকিৎসক।
অপর নিহত পুরুষ ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো উদ্ধারের কার্যক্রম চলছে।




