সিলেট বিভাগ

“যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দারুল আজহার শিক্ষার্থীদেরকে পুর্ণ প্রস্তুতি নিয়ে গড়ে উঠতে হবে “

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক, রাজধানীর সুপ্রীম কোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান বলেছেন, আজকের সময় মেধাচর্চা ও বহুবিধ মেধাবিকাশের যুগ। বিজ্ঞানের বিস্ফোরণের চরম প্রতিযোগিতাময় এ সময়ে জ্ঞান, বিজ্ঞানে সমৃদ্ধি এবং নৈতিক-চারত্রিক উন্নতি ছাড়া ব্যক্তি ও সমাজের পরিবর্তন সম্ভব নয়। তাই আজকের যুগের নানামুখি চ্যালেঞ্জ মোকাবেলায় দারুল আজহার শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি নিয়েই নিজেকে গড়ে তুলতে হবে। “

আজ ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় দারুল আজহার সিলেট ক্যাম্পাসের ২০২০ সালের দাখিল উত্তীর্ণ এ প্লাস ও এ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্টার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান উপরোক্ত কথাগুলো বলেন৷

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক বজলুর রহমান, শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতবুল আলম, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, দারুল আজহারের পরিচালক মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী ভাষ্যকার মাওলানা মুখলিসুর রহমান, মা’হাদুল কাওনাইনের পরিচালক মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক আখতার হোসেন রাজু, দারুল আজহারের শিক্ষা সচিব মাওলানা আসাদুর রহমান চৌধুরী, সহকারি শিক্ষক মাওলানা হাফেজ জুবায়ের আহমদ, মাওলানা বাহাউদ্দীন আরমান, মাওলানা মুজিবুর রহমান, জনাব লোকমান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেন মাদরাসার সচেতন অভিভাবক, সিলেট শহরের চিন্তাশীল জন ও বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা।

বিশেষ অতিথি অধ্যাপক বজলুর রহমান বলেন, শিক্ষা, সংস্কৃতি, বোধ, বিশ্বাসের অবক্ষয়ের এই যুগে দারুল আজহার আমাদের একটি আশার আলো।

উপাধ্যক্ষ মাওঃ আবু সালেহ কুতবুল আলম বলেন, বিদেশে বিধর্মীরা ইসলামী শিক্ষা নিচ্ছে। অথচ মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা অবহেলিত। মাদরাসা শিক্ষা ব্যবস্থা এখনও সরকারী বৈষম্যের শিকার।

অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী বলেন, বিশ্বাস নির্ভর একটি সার্বজনীন উৎপাদনমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আজ সময়ের অপরিহার্য দাবী। তাই সবাইকে সে বিষয়ে মনযোগী হতে হবে।

অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ বলেন, অজানা আঁধারে ঘেরা এ দুঃসময়ে কুরআনী শিক্ষা ব্যবস্থাই সমাজ ও জাতির বাঁচার সঠিক উপায়। আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিন।

মুফতি জিয়াউর রহমান বলেন, দ্বীন ও দুনিয়ার তাকাযা পুরণে দারুল আজহার এক ভারসাম্যপুর্ণ ম্যাথড নিয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠান নিয়ে আমরা আশাবাদী।

অন্যান্য অতিথিরা বিভিন্ন বিষয়ে সারগর্ভ আলোকপাত করেন।

অনুষ্ঠানে ২০২০ সালের দাখিল উত্তীর্ণদের মেধাবীদের এ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ৷

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুলাইমান আহমদ হুজাইফা।

দাখিল উত্তীর্ণ ব্যাচের পক্ষে বক্তব্য রাখে হাফেজ খুবাইব আহমদ শাকির।

আজহার সংগীত পরিবেশন করে আল আজহার শিল্পী গোষ্টী।

Related Articles

Back to top button