জাতীয়

মহান বিজয় দিবসে সোনালী ব্যাংকে ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলন

নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ঝাড়ুর স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যশোরের মণিরামপুর সোনালী ব্যাংক লিমিটেডের শাখার বিরুদ্ধে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এই সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্ট্যান্ড পরিবর্তন করেছেন শাখাটির কর্তৃপক্ষ।

এদিকে ঝাড়ুর স্ট্যাডে জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সর্বমহল থেকে ব্যাংকের এ শাখা ব্যবস্থাপকের শাস্তির দাবি উঠেছে।

জানাযায়, বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াসহ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ভোর থেকে মানুষ দলেদলে উপজেলা পরিষদ চত্বরে আসেন। পরিষদের পাশেই সোনালী ব্যাংকের মণিরামপুর শাখা। বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে ব্যাংকের পক্ষ থেকে পতাকা উত্তোলনের বিষয়টি নজরে আসে তখন। ব্যাংক কর্তৃক জাতীয় পতাকার অবমাননার বিষয়ে অনেকে ক্ষোভে ফেটে পড়েন। এরপর ব্যাংকের লোগোসহ ঝাড়ুর স্ট্যান্ডে উত্তোলন করা জাতীয় পতাকার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

ফেসবুকে ভাইরাল করাদের দাবি, পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ঘর ঝাড়ুর ভাঙা স্ট্যান্ড। যদিও ব্যাংক কর্তার দাবি, স্ট্যান্ডটি নিজেদের সুরক্ষার কাজে ব্যবহৃত জিআই পাইপ। পতাকা উত্তোলন করা নির্ধারিত স্ট্যান্ড রেখে ব্যাংকের আনসার সদস্য জাহাঙ্গীর আলম ভুল করে জিআই পাইপে পতাকা উত্তোলন করছেন।

ব্যাংকের আনসার সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমি বুঝতে পারিনি।

সোনালী ব্যাংক লিমিটেড মণিরামপুর শাখার ব্যবস্থাপক ফারুকুজ্জামান বলেন, পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ঝাড়ুর ভাঙাস্ট্যান্ড না। আমরা পতাকা উত্তোলনের জন্য সাদাস্ট্যান্ড নির্ধারণ করে রেখেছিলাম। আনসার সদস্য জাহাঙ্গীরকে ওই স্ট্যান্ডে পতাকা উত্তোলন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সে ভুল করে রঙিন জিআই পাইপে পতাকা উত্তোলন করেছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড পরিবর্তন করিয়েছি। আমার কাছে মনে হয়েছে, সোনালী ব্যাংক যেভাবে পতাকা উত্তোলন করেছে সেটা ঠিক করেনি। আমি ব্যাংকের ডিজিএমের সাথে কথা বলেছি। দ্রুত মণিরামপুর শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।

এই বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক লিমিটেড যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম সংবাদমাধ্যম কে বলেন, স্থানীয় ইউএনও ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র:পূর্বপশ্চিমবিডি

Related Articles

Back to top button