জাতীয়

বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

নিউজ ডেস্ক: বিয়ের মাত্র তিন মাসের মাথায় যৌতুকের জন্য স্ত্রী ফাতেমা খাতুনকে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে ফাঁসির আদেশে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই সাথে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ক্ষতিপূরণ হিসেবে ফাতেমার বাবা-মাকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের রুবেল হোসেন ২০১৭ সালের ২৭ জুন সিরাজগঞ্জ জেলার তেতুলিয়া গ্রামের ফাতেমাকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে রুবেল। না পেয়ে তিন মাসের মাথায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে ফাতেমাকে হত্যা করে। এ ঘটনায় ফাতেমার বোন আকলিমা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ রুবেলকে গ্রেপ্তার ও তদন্ত শেষে বিচারের জন্য আদালতে চার্জশিট দাখিল করে।

এ রায়ে বাদী আকলিমা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান সন্তুষ্টি প্রকাশ করেন।

Related Articles

Back to top button