সাকিবকে হত্যার হুমকিদাতার বাড়িতে মধ্যরাতে অভিযান

নিউজ ডেস্ক: সাকিব আল হাসানকে হুমকি প্রদানকারী সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া গ্রামের বাসিন্দা মহসিন তালুকদারের বিরুদ্ধে মামলা দায়েরে করেছে পুলিশ। পাশাপাশি তাকে ধরতে মধ্যরাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করেছে র্যাব ও পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন। পরে রাত ১২টার দিকে পুলিশ ও র্যাবের উধ্র্বতন কর্মকর্তারা তার বাড়িতে যান। এসময় তাকে সেখানে পাননি তারা। তবে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) এবিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হুমকি প্রদানের বিষয়টি জানার পর থেকেই হুমকিদাতা মহসিনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
ভারতের কলকাতায় গিয়ে কালীপুজার অনুষ্ঠান উদ্বোধন করায় বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ফেইসবুক লাইভে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠে মহসিন তালুকদার নামের ওই যুবকের বিরুদ্ধে। যদিও সে পরের একটি লাইভে এসে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। পরিবার দাবি করেছে, সে কিছুটা মানষিক ভারসাম্যহীন। সিলেট শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের মরহুম আজাদ বক্স এর কনিষ্ঠ পুত্র মহসিন।
রোববার দিবাগত রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন ওই যুবক। প্রথমে মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম প্রদর্শন করে ওই যুবক বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত প‚জা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’ ওই যুবক সাকিব আল হাসান সেলফি তোলা নিয়ে ভক্তদের সাথে খারাপ আচরণ করার সমালোচনা করে তাঁকে গালিগালাজ করেন।
এদিকে, রাতের ওই লাইভের পর গতকাল সোমবার ভোরে ওই আইডি থেকে ফের লাইভে আসেন মহসিন তালুকদার নামের ওই যুবক। এ সময় তিনি আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাত্রে আমি একটি লাইভে এসে সাকিব আল হাসানকে গালিগালাজ করেছিলাম। কিন্তু ফজরের নামাজে যাওয়ার পর আমার মনে হলো বিষয়টি ঠিক হয়নি। তখন আমি তার হেদায়াতের জন্য দোয়া করি। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাকে হেদায়াত দান করেন। যদিও তখন খুব উত্তেজিত হয়ে আমি অনেকগুলো কথা বলেছি। কিন্তু বিষয়টি ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত।’
মহসিন তালুকদারের বড় ভাই মাসুম তালুকদার জানান, ‘সাম্প্রতিক সময়ে মহসিন তালুকদার নানা অসংলগ্ন ব্যবহার করছে। তার কথাবার্তায় অনেকটা মানষিক ভারসাম্যহীন বলে মনে হয়। তার এই কান্ডের জন্য পরিবার লজ্জিত। আমরা পরিবারের পক্ষ থেকে বিশ্ববরেণ্য বাংলাদেশের গর্ব সাকিবের কাছে ক্ষমা চাই।’




