আরো একটি আন্তর্জাতিক স্টেডিয়াম পাচ্ছে সিলেট

নিউজ ডেস্ক: সবুজ শ্যামলে ঘিরে থাকা নয়নাভিরাম সিলেট পাচ্ছে আরো একটি আন্তর্জাতিক স্টেডিয়াম। যার তৈরীর কার্যক্রম প্রায় শেষ হয়েছে। বাকী রয়েছে শুধু মাঠে মাটি ফেলা ও ঘাস লাগানো। এবার অপেক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই সেটি তৈরী করা হয়েছে। যেটা বর্তমানে আউটার স্টেডিয়াম নামে পরিচিত।
বাংলাদেশে বর্তমানে ৭টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। এই স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়াম হলো- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের পাশেই তৈরি হয়েছে আরও একটি স্টেডিয়াম।
সেই স্টেডিয়ামের নাম আউটার স্টেডিয়াম থাকলেও তা পরিবর্তন করা হবে। নতুনভাবে এর নামকরণ করা হচ্ছে সিলেট গ্রাউন্ডস-২। যা আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে স্বীকৃতির অপেক্ষায়।
জানা যায়, মূল স্টেডিয়ামে গ্রিন গ্যালারি একটি হলেও সিলেট গ্রাউন্টস-২ তে দুটি গ্রিন গ্যালারি। থাকবে প্রাকৃতিক সৌন্দর্যের স্পর্শও। হবে অত্যাধুনিক। মূল স্টেডিয়ামের মিডিয়া সেন্টার থেকে সংযোগ সেতু ব্যবহার করে নতুন স্টেডিয়ামে যাওয়ার সুব্যবস্থা থাকবে। ড্রেসিংরুম, ডরমিটরিসহ আধুনিক একটি একাডেমির সব সুবিধা সম্পন্ন নতুন স্টেডিয়ামে থাকবে মসজিদ ও স্কুলও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আমরা আউটার স্টেডিয়ামের কাজ শেষ করে এনেছি। তবে এটিকে আর আউটার স্টেডিয়াম বলা হবে না।’
‘এরই মধ্যে আমরা এটি সিলেট গ্রাউন্ড-২ নামকরণ করেছি। আর এটি যেন আন্তর্জাতিক করা হয়, সেজন্য আইসিসির কাছে অনুমোদন চাওয়ার প্রক্রিয়াগুলোও শুরু করেছি।’–
এদিকে গ্রাউন্ড-১ বা আগের স্টেডিয়ামের নামেরও পরিবর্তন আসছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে এটি হবে শুধু সিলেট ক্রিকেট স্টেডিয়াম।




