লিড নিউজসিলেট বিভাগ

হবিগঞ্জে মৃত নারীর নামে চাল উত্তোলন!

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে মৃত নারীর নামে ভিজিডি’র চাল উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে । বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। খোঁজনিয়ে জানাগেছে ৮ মাস আগে ওই মহিলা মারা গেলেও এখনো তার নামে চাল উত্তোলন করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও মহিলা মেম্বারের বিরুদ্ধে। এবিষয়ে গত ১৩ আগস্ট হবিগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগও দিয়েছেন মৃত ওই মহিলার ভাই। অভিযোগে উল্লেখ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামের রহিমা খাতুন আট মাস আগে মারা গেছেন। তবে তার নামে ভিজিডি কার্ড এখনো চলমান রয়েছে। জীবিত থাকতে একবারের জন্যেও তিনি ওই চাল পাননি। তার কার্ডের বরাদ্দকৃত চাল তার নামে উঠছে গত ১৫ মাস ধরেই। অথচ কিছুই জানেন না তার পরিবার। মৃত রহিমা খাতুনের ভাই আব্দাল মিয়া অভিযোগে উল্লেখ করেন- তার বোন জীবিত থাকতে ১৫ মাস আগে ভিজিডি কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ছবি নিয়েছিলেন রাজিউরা ইউপি চেয়ারম্যান এনামুল হক আহমেদ শেখ কামাল। মাসে ৩০ কেজি চাল দেয়ার কথা বলে রহিমার কাছ থেকে ৩ হাজার টাকাও নিয়েছিলেন ইউপি চেয়ারম্যান। কিন্তু রহিমার জীবদ্দশায় কার্ডের চাল পাবে তো দুরের কথা ফেরত পায়নি ৩ হাজার টাকাও।

ভিজিডি কার্ডের তথ্যে দেখা গেছে, গত ৮ জুন মলাই চানের স্ত্রী মৃত রহিমা খাতুনের নামে সর্বশেষ ভিজিডি’র ৩০ কেজি চাল উত্তোলন করা হয়েছে। যার কার্ড নং ০০০০৪৬। জাতীয় পরিচয়পত্র নং উল্লেখ করা হয়েছে ০০০০৬৮৮৬৪২৪২৪২০৬।

এ ব্যাপারে রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আহমেদ শেখ কামাল বলেন- সামনে নির্বাচন আসছে। তাই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন- কার্ড ইস্যু করেন মেম্বাররা। তাঁরা এটি বন্টনও করেন। এখানে চেয়ারম্যানের কিছুই করার নেই। মেম্বাররাই বলতে পারবেন এটি কে বা কারা উত্তোলন করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম বলেন- রাজিউড়া ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। যে কেউ অভিযোগ দিতে পারেন। আমরা তদন্ত করে দেখবো। তদন্তে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন রুবেল জানান- আমরা চেয়ারম্যান কামাল এর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।

উল্লেখ্য যে, করোনা শুরুর পর গত কয়েক মাসের ব্যবধানে বরখাস্ত হয়েছেন রাজিউড়া ইউনিয়নের দুই দুইজন ইউপি সদস্য।

ভিজিডি’র চাল কেলেঙ্কারি করতে গিয়ে ৫ জুন বরখাস্ত হয়েছেন রাজিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) সফিউল ইসলাম তাসকির। বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা আত্নসাৎ এর দায়ে ১ জুলাই বরখাস্ত হয়েছেন রাজিউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জিল্লুর রহমান দিলু। সূত্র: দৈনিকসিলেট

Related Articles

Back to top button