লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে করোনার সংক্রমণ ৬ হাজার ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৯০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১০৪ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে চারজন রোগীর মৃত্যু ঘটে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ১০০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫০ জন ও সুনামগঞ্জে ১৮ জন। হবিগঞ্জে ১১ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। মৌলভীবাজারে ২১ জন করোনা রোগী শনাক্ত হন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৪০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ১০ জন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২৯ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ২৫ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ১৭৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৯২ জন, হবিগঞ্জে ৯২২ জন ও মৌলভীবাজারে ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৪২৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১০৭ জন।

Related Articles

Back to top button