হবিগঞ্জে একদিনে দুজন নারীসহ তিনজনের আত্মহত্যা


নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক দিনে দুজন নারী ও একজন পুরুষ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এবং রাতে এসব ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সুজাতপুর চন্ডিপুর গ্রামের মৃত সাধন দাসের পুত্র মিলন দাস (২২) ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। তিনি বাড়ির সকলের অগোচরে বিষপান করে। পরে তাকে পরিবারের লোকজন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে যাওয়ার পথেই রাতে তিনি মারা যান। আত্মহত্যার কারণ জানা যায়নি।
এদিকে, একই দিন রাত সাড়ে ৮টায় কালাইনজুড়া গ্রামে দিলারা বেগম (৫০) নামে এক গৃহবধু বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের তাজিম উল্লার স্ত্রী। বৃহস্পতিবার রাতে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানান, বড় ছেলের স্ত্রীর সাথে ঝগড়াকে কেন্দ্র করে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওইদিন বিকেলে উপজেলার বলাকীপুর গ্রামের মনোয়ারা বেগম (২৫) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেন। স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী। লিটন মিয়া প্রায়ই তাকে যৌতুকের জন্য মারপিট করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন তিনি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
ওসি আরো জানান, তিনটি ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: কালের কণ্ঠ




