সিলেটে র্যাব’র ১২ সদস্যসহ আক্রান্ত আরো ৯১ জন


সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর ১২ সদস্য, পুলিশ, চিকিৎসক ও দুই সাংবাদিকসহ ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬০ জন সিলেট জেলার এবং ৩১ জন সুনামগঞ্জের বাসিন্দা।
বৃহস্পতিবার (০৪ জুন) রাত সাড়ে ১১ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেটে আক্রান্তদের মধ্যে র্যাব’র ১২ সদস্য, পুলিশ ও সাংবাদিক রয়েছেন। এরআগে র্যাব-৯’র আরো ২১ সদস্য আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে এই বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১ হাজার ৩২৭ জনে। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৭৩৯ জনে এবং সুনামগঞ্জে আক্রান্ত দাঁড়ালো ২৫০ জনে। এছাড়া হবিগঞ্জ ১৯৪ ও মৌলভীবাজারে ১৪৪ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ জুন) এ দুই জেলায় নতুন করে আক্রান্তের খবর মিলেনি।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৬০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে জৈন্তাপুর উপজেলার ১৪ জন, কোম্পানীগঞ্জের ২ জন, বাকিরা সদর উপজেলাধীন শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশেনের ২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের। এরমধ্যে র্যাবর-৯ এর ১২ সদস্য, পুলিশ ও সিলেট জেলা প্রেসক্লাবের দুই সদস্য রয়েছেন।




