লিড নিউজসিলেট বিভাগ

বড়লেখায় এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় রোজিনা বেগম (২৫) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।

স্বামীর বাড়ির লোকজন বিষপানে আত্মহত্যার দাবী করলেও রোজিনার পিতৃপক্ষের অভিযোগ হত্যার পর তাঁকে মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

বুধবার পুলিশ নিহত গৃহবধূর ময়না তদন্ত শেষে বিকেলে স্বামীর বাড়ির লোকজনের নিকট লাশ হস্তান্তর করেছে। নিহত রোজিনা উপজেলার পূর্বগৌরনগর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী এবং কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৃহবধু রোজিনা বেগম স্বামীর বাড়িতে বিষপান করেন। তাঁর ৩ বছরের একটি মেয়ে রয়েছে। মুমূর্ষ অবস্থায় রোজিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন বুধবার বিকেলে বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে স্বামীর বাড়িতে রোজিনার লাশ হস্তান্তর করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত নই। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Back to top button