সারাদেশ

ত্রাণ নেয়ার সময় ছবি তুলতে চড় থাপ্পড়

মিডিয়া ডেস্ক:

দরিদ্র দিনমজুর ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় ক্যামেরার দিকে না তাকানোর জন্য তাদের চড়-থাপ্পড় দিয়েছেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়, এরপর শুরু হয় সমালোচনা।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন কমপ্লেক্সে ওই ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র, দিনমজুর, অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় মোবাইলে ছবি ধারণ করা হয়। ত্রাণ দেয়ার ছবি ধারণ করার সময় মোবাইলের দিকে তাকাতে বলেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি। এসময় কেউ না তাকালে তার কপালে জুটছে চড় ও থাপ্পড়। মোবাইলের দিকে তাকাতে বাধ্য করা হয়।

এসময় চেয়ারম্যানের চড়-থাপ্পড় খেয়ে মুখের মাস্ক পড়ে যেতেও দেখা যায়। আবার ক্যামেরার দিকে না তাকানোর জন্য নারী ত্রাণ গ্রহীতাদের শাড়ির আঁচল ধরেও টানতে দেখা যায়।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাসের এমন কর্মকাণ্ড ঘটানোর বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘বিষয়টি ডিসি স্যারকে জানিয়েছি। ডিসি স্যার ডিডিএলজি স্যারকে তদন্ত দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে এ বিষয়ে ক্ষমা চেয়েছেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি।

Related Articles

Back to top button