হবিগঞ্জে আধিপত্য বিস্তার সংঘর্ষ: নিহত ১


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। সংঘর্ষকালে আহত হয়েছেন ১০ জন।
রবিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের সাবেক মেম্বার মনু মিয়ার সঙ্গে বর্তমান মেম্বার বাহার উদ্দিনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নজরুল নিহত হন। সংঘর্ষে আহত হন ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম এ বিষয়ে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।




