লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ

সুনামগঞ্জে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শিমক্ষেতে মাটিচাপা অবস্থায় মদিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গড়েরগাঁও গ্রামের দিনমজুর আব্দুস ছত্তারের স্ত্রী। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের লতারগাঁও পশ্চিমপাড়া এলাকার একটি শিমক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মদিনা বেগম গত ৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হন। ওই সময় তার স্বামী ভোলাগঞ্জে কোয়ারিতে শ্রমিকের কাজ করছিলেন। খবর পেয়ে তিনি পরদিন বাড়ি এসে স্ত্রীকে খুঁজতে থাকেন। শনিবার বিকালে পার্শ্ববর্তী লতারগাঁও পশ্চিমপাড়ার জয়নাল আবেদিনের শিমক্ষেতে মাটির নিচে দেবে থাকা একটি ওড়নার অংশ দেখতে পায় এলাকাবাসী। পরে সেখানে মাটিচাপা অবস্থায় এক নারীর মৃতদেহ দেখা যায়। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এক সপ্তাহ আগে নিখোঁজ হন। তার স্বামী একজন দিনমজুর। কোনো দুষ্কৃতিকারী তাকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রেখে চলে গেছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শিমক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।

Related Articles

Back to top button