শায়েস্তাগঞ্জে ট্রাফিক পয়েন্টে যানজট: অতিষ্ঠ জনগণ


নিউজ ডেস্ক: শায়েস্তাগঞ্জ, দাউদনগর বাজার ট্রাফিক পয়েন্টের যানজট নিত্যদিনের ঘটনা। যানজটের কবলে পড়ে শিক্ষার্থী, অফিস স্কুল/ কলেজগামী এবং যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌর শহরের কেন্দ্রস্থলে সড়কের ওপর রেলক্রসিং থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ওই ট্রাফিক পয়েন্ট মাঝে-মধ্যে কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলে না।
এতে ওই পয়েন্টের উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়। গত কয়েক বছর ধরে মাত্রাতিরিক্ত যানজটের কারণে পৌরবাসীকে অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।
দাউদনগর ট্রাফিক পয়েন্টে টমটম, সিএনজি ইত্যাদি পার্কিং করায় নিষেধাজ্ঞা থাকলেও তা কেউ মানছে না। পয়েন্টের যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা যেন নিত্যদিনের সঙ্গী।
শায়েস্তাগঞ্জ পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, যানজটে আটকে আছে অসংখ্য যানবাহন এবং অলস বসে আছেন স্কুল/কলেজগামী ছাত্র/ছাত্রী, অফিসগামী মানুষ ট্রেনে আগত যাত্রী, বাস, সিএনজি’র যাত্রীসাধারণ। রোগী বহনকারী এম্বুলেন্স এর মতো জরুরি সেবা দানকারী যানটিকে ও আটকে থাকতে দেখা যায় এই যানজটে।
পৌরএলাকার যানজটে ভুক্তভোগী জনৈক রিকশাচালক জানান, যানজটের কারণে উনার অনেক শ্রমঘণ্টা অপচয় হয় ফলে আশানুরূপ রোজগার হয় না সাংসারিক টানাপড়েন লেগেই থাকে। দুর্ভোগের শিকার জালাল আহমদ বলেন, হেঁটে বলুন আর গাড়িতে বলুন পথ চলতে যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে।
যানজট নামক সময় খেকুর শিকার জনৈক অভিভাবক জুনাইদ চৌধুরী বলেন, স্কুল আরম্ভ হওয়ার অনেক পূর্বেই বাড়তি সময় হাতে নিয়ে বাসা থেকে যাত্রা শুরু করতে হয়, কারণ যানজটে পড়ে না আবার স্কুলে দেরি হয়ে যায়।
এদিকে পৌরকর্তৃপক্ষ উক্ত সমস্যার বিষয়টি অকপটে স্বীকার করেন এবং দায়সারা গোছের কথাবার্তা বলেন, বাস্তবে আসু সমস্যা সমাধানে স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দিনের বেলা ভারি যানবাহন শহর এলাকায় চলাচল নিষিদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তা কেউ মানছে না।
জেলার বাহির থেকে আগত মালবাহী ভারী যানবাহন দিনের বেলা এই সরু রাস্তা ঘেঁষে, সংশ্লিষ্টদের সুবিধামতো দোকানের সম্মুখে দাঁড় করিয়ে মালামাল উঠানামা করার ফলে যেমন যানজট সৃষ্টি হয় ঠিক তেমনি অবর্ণনীয় ভোগান্তির শিকার হন পথচারীদের। একেতো সড়ক যানবাহন চলাচলে সুগম নয়, উপরন্তু ফুটপাথ দখল করে নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করছে এক শ্রেণির অস্থায়ী ব্যবসায়ী।
এদের জন্য অবর্ণনীয় সমস্যায় পড়ে স্কুল/কলেজগামী শিক্ষার্থীরা। সরজমিনে ঘুরে দেখা যায়, অপ্রতুল পরিসরের এই শহরে হালকা যান টমটম, রিকশা ও সিএনজি সংখ্যা মাত্রাতিরিক্ত । এই হালকা যানবাহনের আধিক্যের কারণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্ট্যান্ড সৃষ্টি করা হয়েছে যা তীব্র যানজটের অন্যতম কারণ।
শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার, কে আলী প্লাজা ট্রাফিক পয়েন্ট, আলীগঞ্জ বাজার, রেলস্টেশন পার্কিং, স্টেশন রোড তালুকদার মার্কেট সংলগ্ন রাস্তা, পুরান বাজার, নয়া ব্রিজ গোল চত্বর এলাকায় সংশ্লিষ্টদের সুবিধামতো স্ট্যান্ড সৃষ্টি করা হয়েছে যা প্রচলিত ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
যানজট নিরসনকল্পে হালকা যানবাহনের বেপরোয়া চলাচল এবং অবৈধ পার্কিং ইত্যাদি অনতিবিলম্বে পৌর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক যথাযথ ব্যাবস্থা নেয়া আশু প্রয়োজন বলে এলাকাবাসী মনে করে।




