সিলেট

গ্যাসের মূল্য অবিলম্বে বাতিল করার দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল

সিলেট মিডিয়া ডেস্ক ।। বর্ধিত গ্যাসের মূল্য অবিলম্বে বাতিল, গ্যাস খাতে দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধার করত: ও বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট সিটি পয়েন্টে গণজমায়েত হয়ে এই বিক্ষোভ মিছিলটি  অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় গ্যাস-বিদ্যুৎ গ্রাহকগণ বিক্ষোভে ফেটে পড়েন।

কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ও সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন।

পরিষদের কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল শাহানের পরিচালনায় সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন এডভোকেট বাংলাদেশ এনার্জী রেগুলেটরী কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণাকে প্রত্যাখ্যান করে বলেন, গণশুনানী, গণমতকে উপেক্ষা করে এমনকি মহামান্য হাইকোর্ট গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন নেই উল্লেখ করে গ্যাস ও বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধের ব্যাপারে তাগিদ দেয়ার পরও (বিইআরসি) এই ঘোষণা অত্যন্ত দুঃখজনক ও গণবিরোধী।

এই মূল্য বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষের জীবন-যাত্রার ব্যয় বেড়ে যাবে। নিম্নমধ্যবিত্ত ও দুঃখী মানুষের পরিবার ও সমাজে আর্থিক চাপ বৃদ্ধির ফলে জীবন যাত্রা আরো দুর্বিষহ হয়ে উঠবে।

প্রধান বক্তার বক্তব্যে মকসুদ হোসেন বলেন, সচেতন দেশবাসী লক্ষ্য করছেন সরকারের ভিশন ৪১ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠী বানচাল করার চেষ্টায় লিপ্ত।

এই দুর্নীতিবাজ চক্রের কারণে দেশের দুঃখী মানুষের উপর আর্থিক এই জুলুম ও নির্যাতন বন্ধ করার লক্ষ্যে সরকারের নীতি নির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

এই দুর্বৃত্ত চক্রের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে খাটো করা হচ্ছে। নির্দোষ, সরলপ্রাণ, অসংগঠিত এই গ্যাস গ্রাহকদের উপর বর্ধিত গ্যাসের মুল্য বৃদ্ধি বাতিল করে সাধারণ মানুষের এই দুর্ভোগ থেকে রেহাই দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতি এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য জোর দাবী জানানো হয়। শীঘ্রই গ্যাসের এই মূল্য বৃদ্ধি বাতিল না করলে দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

সভায়  বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ডা: অরুণ কুমার দেব, সেক্টর কমান্ডার ফোরামের সিলেট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক জহুরা জেসমিন এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল করিম পাখী মিয়া, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা মামুন রশীদ এডভোকেট, কয়েছ আহমদ সাগর, সিলেট পোয়েটস ক্লাবের সভাপতি কবি মোস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এম আলী জালালাবাদী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিয়াজ কুদ্দুছ খান, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জুনু, দক্ষিণ সুরমা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি উজ্জল রঞ্জন চন্দ্র, পুলক দত্ত এলএলবি, সমাজসেবী বিপলু আহমদ, মানবাধিকার কর্মী সুমন চন্দ্র নাথ প্রমুখ।

Related Articles

Back to top button