শ্রীমঙ্গলে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ


শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজন রক্তাক্ত জখম হয়েছেন। বুধবার রাত ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন ডলুছড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে গফুর আলী (২৪) ও একই গ্রামের সালমা আক্তার স্বামী জুলকাছ মিয়া। গফুর আলীর মাথায় ও পায়ে দায়ের কোপ থাকায় রাতেই মৌলভীবাজার ২৫০ সদর সরকারী হাসপাতালে রেফার্ড করা হয়।
জানা যায়, বেশকিছুদিন যাবত ডলুছড়া ও আশপাশের এলাকায় সন্ধ্যা পর অবৈধ জুয়া, মদ ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চলে আসছিলো।
আহত গফুর আলী জানান- তিনি এসব অপকর্মের প্রতিবাদ করলে ডলুছড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে জসিমের নেতৃত্বে মাসুক মিয়া, সুহেল মিয়া, রাশিদ মিয়াসহ আরো ৫/৭ জন তার উপর হঠাৎ দা ও লাঠি দিয়ে হামলা করে তার মাথায় ও পায়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
তবে এ ঘটনা জসিম অস্বীকার করে জানান, ‘গফুর আলীই তার লোকজন নিয়ে মহিলা সালমা আক্তারের হাতে আঘাত করে। তিনি এ ঘটনার সময় তার দোকানে ছিলেন বলে দাবি করেন।’
জানতে চাইলে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক বাসু কান্তি জানান- দু’পক্ষই থানাতে এসেছিল মামলা করতে। মারামারির ঘটনায় দুইজন আহত হয়েছেন, একজনের ইনজুরি মারাত্মক। ওসি স্যার আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।




