আজ শাবিপ্রবিতে আসছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক


নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট-২০১৯’। এই উৎসবে প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মুখোমুখী হতে আজ শনিবার (২০ এপ্রিল) শাবিপ্রবিতে আসবেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এম.পি।
শুক্রবার ও শনিবার দুইদিনের এই প্রতিযোগিতায় দেশের ৫৪টি বিশ্ববিদ্যালয় থেকে ২০০টি টিমের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ফেস্টের আহবায়ক অধ্যাপক ড. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেছ উপস্থিত ছিলেন।
এছাড়া বক্তব্য রাখেন- আইকিএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. শহীদুর রহমান, আইআইসিটির সহকারী অধ্যাপক আসিফ মো. সামির এবং ইইই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ।
দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে টেক ফেস্টের অংশ হিসেবে এলআইসিটি আয়োজন করতে যাচ্ছে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্পেইন ২০১৯’। এই অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সেখানে তিনি শিক্ষার্থীদের সাথে ‘টেক টক উইথ পলক’ শিরোনামে একটি ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহণ করবেন।




