ঢাকা-মৌলভীবাজার যোগাযোগ বন্ধ


মৌলভীবাজার প্রতিনিধি: ক্রেনবাহী ট্রেইলারের চাকা দেবে গিয়ে ঢাকার সঙ্গে মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আল-আমিন জানান, শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগান এলাকায় বুধবার রাত ২টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কে ট্রেইলারটি এই দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার পর থেকে মৌলভীবাজারের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আটকা পড়েছে সহস্রাধিক যান।
আল-আমিন বলেন, ২২ চাকার একটি লং বেড টেইলার ৪৫ টনের একটি ক্রেন নিয়ে যাচ্ছিল। একটি কালভার্টের কাছে এর আটটি চাকা দেবে গেলে এটি আটকা পড়ে। ট্রেইলারটির মালিক শ্যামলিমা কোম্পানি।
শ্যামলিমার মৌলভীবাজার সুপারভাইজার মো. তারেক আমিন বলেন, হবিগঞ্জের বিবিয়ানায় কাজ শেষে ট্রেইলারটি এই ক্রেনটি ঢাকায় নিয়ে যাচ্ছিল।
“এখন একে উদ্ধারের জন্য বিবিয়ানা থেকে আরও একটি ক্রেন রওনা হয়েছে। বিকাল নাগাদ উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।”




