এবার শাবি ক্যাম্পাসে ‘হাসিনা : এ ডটার’স টেল’ প্রদর্শনী


শাবি প্রতিনিধি: প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রদর্শিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা- এ ডটার’স টেল’। শাবির ঋদ্ধ ব্যাচের ফান্ড কালেকশনের জন্য আয়োজিত দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীতে এই ডকুফিল্মটি প্রদর্শন করা হবে।
সোমবার (২৮শে জানুয়ারি) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ডকুফিল্ম ‘হাসিনা- এ ডটার’স টেল’ প্রদর্শন করা হবে। এছাড়াও আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ‘ইনক্রেডিবলস-2’ বিকেল তিনটায় এবং ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’ চলচিত্রটি সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শন করা হবে। ঋদ্ধ ব্যাচের আয়োজনে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীতে প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।
শাবির ঋদ্ধ ব্যাচের র্যাগের আহবায়ক মো. সামিয়ান চলচ্চিত্র প্রদর্শনী সম্পর্কে বলেন, আমরা চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ফান্ড কালেকশনের চেষ্টা করছি এবং শাবি ক্যাম্পাসে জননেত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা- এ ডটার’স টেল’ এর প্রদর্শনের আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। আশাকরি, সবাই শাবির কেন্দ্রীয় মিলনায়তনে এসে চলচ্চিত্র দেখে আমাদের আয়োজনকে সার্থক করবে।




